বেগমগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীরা ফের সক্রিয়

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:০৮
বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়নে অনেকগুলো সশস্ত্র সন্ত্রাসী দল আবারো সক্রিয় হয়ে উঠেছে। ছোটখাট যে কোন ঘটনায় সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেখাচ্ছে। এলাকাবাসী সন্ত্রাসী দলগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে। বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রে জানা যায়, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চল লক্ষ্মীপুর জেলার সীমান্ত এলাকা হওয়ায় বহিরাগত সন্ত্রাসীরা স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে মিলে অপরাধ সংঘটিত করে সহজে এলাকা ত্যাগ করে। যে কোন ছোটখাট ব্যাপারে বোমাবাজি ও অস্ত্রের মহড়া করে তারা। এলাকায় পুলিশ টহল দিতে ভয় পায়। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে দ্বন্দ্বের কারণে প্রায়ই গোলাগুলি হয় এসব এলাকায়। সূত্র জানায়, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়ারপুর, বাহাদুরপুর, মশাকপুর, সুলতানপুর, জগদ্বীশপুর, হরিভল্লবপুর, মিয়াপুর ও হিরাপুর। ছয়ানি ইউনিয়নের তালিবপুর, খোয়াজপুর, গঙ্গাবর, রুদ্রপুর, লক্ষণপুর, ভবানিজীবনপুর, শিবপুর ও খালিশপুর। রাজগঞ্জ ইউনিয়নের দিলিলপুর, আলাদিনগর, মনপুরা, মাধবসিং, অলমপুর ও রাজুল্যাপুর। জিরতলী ইউনিয়নের ফাজিলপুর, বারইচতল, মহেষপুর, উত্তরজিরতলী, বাবুপুর, বিজয়পুর, হোসেনপুর ও দরাপপুর। অমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর, কোয়ারিয়া, ফটিকা, আমানউল্যাপুর, করিমপুর, জয়নারায়ণপুর, রামচন্দ্রপুর, অভিরামপুর ও কাশিপুর এলাকায় ভিন্ন ভিন্ন সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে সক্রিয় রয়েছে। দেশে জরুরি আইন বলবত্ থাকাকালে অনেক সন্ত্রাসী ও সন্ত্রাসী গ্রুপের প্রধান গ্রেফতার হলে এলাকাবাসীর মনে স্বস্তি নেমে এসেছিল। পরবর্তীকালে নির্বাচিত সরকার আসলে অনেক সন্ত্রাসী জামিনে বের হয়ে আসে এবং পুনরায় দল গোছাতে থাকে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকালে সন্ত্রাসীদের কদর বেড়ে যায়। এর পর থেকে সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকে। এলাকাবাসী আবার জিম্মি হয়ে পড়ে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণকারীদের ইঙ্গিতে পূর্ণশক্তি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসীরা। জমি দখল, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের নিত্য দিনের ঘটনা। একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে এসব সন্ত্রাসীরা। হরতাল চলাকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বেগমগঞ্জ-লক্ষ্মীপুর মহাসড়কের বাংলাবাজার থেকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার পর্যন্ত রাস্তার দুই পাশের শত শত গাছ কেটে প্রথমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে গাছগুলো লুট করে নিয়ে যায়। বন বিভাগ থানায় মামলা করলেও এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সন্ত্রাসীদের বেপরোয়া আচরণ ও অস্ত্রের মহড়া এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মাহাবুব রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে আগে থেকেই সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। এদের নিয়ন্ত্রণ কর্তা রয়েছে এবং সন্ত্রাসীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে খবর আছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো ছাড়া গত্যন্তর নেই।