টালিগঞ্জের ছবিপাড়ার চেহারা আমূলে বদলে গেছে আজ থেকে প্রায় বছর পাঁচেক আগেই। তবে এর ভেতরে অনেকেই নাক সিটকাচ্ছিলেন যে, কলকাতার ছবির গল্প এখনো সাদামাটা। সাহিত্যের ধারেকাছেও ঘেঁষে না। কিন্তু সেই অপবাদকে পেছনে ফেলে এবারে টালিগঞ্জের চলচ্চিত্রে লেগেছে সাহিত্যিকদের লেখার আশ্রয়। বাংলা নববর্ষের শুরুতেই অপর্ণা সেন তৈরি করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘গয়নার বাক্স’ নারীবাদী এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্যে কলকাতার মিডিয়াগুলোতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এছাড়া এক তরুণ নির্মাতা তৈরি করেছেন সমরেশ মজুমদারের গল্প নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র ‘অর্জুন’। এটি সমরেশ মজুমদারের জনপ্রিয় ধারাবাহিক চরিত্র ‘অর্জুন’কে নিয়ে তৈরি হয়েছে। কলকাতার চলচ্চিত্রে কথা সাহিত্যিকদের সংযুক্ত প্রসঙ্গে সমরেশ মজুমদার ইত্তেফাকের এই প্রতিবেদককে বলেন, ‘আসলে আগে তরুণ ছেলে ছোকরারা আমাদের কাছে হয়তো আসার সাহস পেতনা। এখন ওরা খানিকটা ম্যাচিউরড হয়েছে, তাই বেশ কিছু ম্যাচিউরড কাজও শুরু করেছে। আমার আরো কয়েকটি চলচ্চিত্র নিয়ে ওরা ছবি বানাবে বলে শুনেছি। এছাড়া অপর্ণা যে ছবিটি বানিয়েছে সেটিও অসাধারণ একটি চলচ্চিত্র।’
