শুধু মহিলাদের জন্য

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১১
প্যাপ স্মেয়ার টেস্ট মহিলাদের এমন এক ধরনের পরীক্ষা যা দিয়ে জরায়ুর ক্যান্সার শনাক্ত করা যায়। তবে গবেষকগণ সতর্ক করে দিয়েছেন কম বয়সের মহিলাদের এ টেস্ট করা উচিত নয়। এতে অনেক সময় ক্যান্সার সাইন বা ক্যান্সারের লক্ষণসমূহ নজর এড়িয়ে যেতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ বলছেন, ইউএস প্রিভেনটিভ সার্ভিসেস টাস্ক ফোর্স-এর সুপারিশ হচ্ছে ২১ বছর বয়সের নীচে মহিলাদের প্যাপ স্মেয়ারস করা উচিত না এবং কোন কারণে জরায়ুর ক্যান্সার সম্পর্কে কোন সন্দেহ হলে প্রতি তিন বছর পর পর একবার প্যাপ টেস্ট করা যেতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি, আমেরিকান সোসাইটি ফর কলপোস্পপি এবং আমেরিকান সোসাইটি ফর প্যাথলজি প্যাপ টেস্টের গাইডলাইন সমর্থন করেন। গবেষণার প্রধান অথার ড. লিজা ব্যারোয়েলহেট মনে করেন টাস্ক ফোর্সের সুপারিশ যথাযথ। উইস্কনসিন হসপিটালের এ বিশেষজ্ঞের মতে, অকারণে বার বার ক্যান্সার নির্ণয়ের জন্য মহিলাদের প্যাপ টেস্টের প্রয়োজন নেই। তবে কম বয়সের মহিলাদের যদি স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ প্যাপ টেস্ট করার মত যথেষ্ট কারণ খুঁজে পান। তবে টেস্টটি করা যেতে পারে। তবে সাধারণত পঞ্চাশোর্ধ মহিলাদের কোন লক্ষণ না থাকলেও অন্তত একবার প্যাপ টেস্ট করা উচিত। কারণ আমাদের দেশে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি এ বয়সের মহিলাদের বেশি।