বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১১
রাজধানীর মত্স্য ভবন মোড়ে বাসের ধাক্কায় মোজাম্মেল হক নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি প্রিমিয়ার ব্যাংক, কাকরাইল শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় মোজাম্মেল রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। গতকাল দুপুরে প্রতিযোগিতারত দুটি যাত্রীবাহী বাসের একটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের ভাই শাহজাহান দাবি করেছেন, বাস চালক ইচ্ছাকৃতভাবে তার ভাইকে হত্যা করেছে। বাসটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মোজাম্মেলের সহকর্মী সিনিয়র অফিসার সাইদুজ্জামান বলেন, ব্যাংকের কাজে দুপুরে তারা এক সঙ্গে কাকরাইলের অফিস থেকে বের হন। আড়াইটার দিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কাজ শেষে দুইজনে এক সঙ্গে হেঁটে কর্মস্থলে রওয়ানা হন। মত্স্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় মোজাম্মেল একদিক পার হয়ে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় মিরপুর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী বিকল্প পরিবহনের একটি বাস মোজাম্মেলকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মোজাম্মেলের মৃত্যু সংবাদ শুনে বিকালে হাসপাতালে ছুটে যান তার বড় ভাই শাহজাহান। তিনি দাবি করেন, আইল্যান্ডে দাঁড়িয়ে থাকাবস্থায় তার ভাইকে গাড়ি চাপা দেয়া হয়েছে। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি দাবি করেন। শাহবাগ থানার এসআই শরিফুল জানান, বিকল্প পরিবহনের দুটি বাস আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে গিয়ে একটি বাস আইল্যান্ডে ধাক্কা লাগে। এসময় রাস্তা পারাপারের জন্য আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা মোজাম্মেল বাসের ধাক্কায় রাস্তায় উল্টে পড়ে যান। নিহত মোজাম্মেলের গ্রামের বাড়ি বরগুনার আমতলী। তিনি বড় ভাইয়ের সঙ্গে বাড্ডার শাহজাদপুর খিলবাড়ির টেক এলাকায় বসবাস করতেন।