শাহজালাল ব্যাংকের দুই কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১২
বিসমিল্লাহ গ্রুপের ১২শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় শাহজালাল ইসলামী ব্যাংক ইস্কাটন শাখার দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম জিজ্ঞাসাবাদ করে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন শাখা ব্যবস্থাপক নকিবুল ইসলাম এবং অফিসার সাবিনা ইয়াসমিন। এর আগে একই অভিযোগে জনতা ব্যাংকের ২৮ কর্মকর্তাকে তলব করা হয়েছিল যার মধ্যে ১৮ কর্মকর্তার জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। বাকি ১০ কর্মকর্তাকে আগামী ২১ এপ্রিল জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের ১৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক জানায়, বিসমিল্লাহ গ্রুপের ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে গত ২৬ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে। ভুয়া তথ্য দিয়ে জনতা ব্যাংক থেকে ৪শ’ কোটি টাকা, প্রাইম ব্যাংক থেকে ৩৮০ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ১৪৯ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক থেকে ৮০ কোটি টাকা, যমুনা ব্যাংক থেকে ১৬৪ কোটি টাকা ও সাউথ ইস্ট ব্যাংক থেকে ২৭ কোটি টাকা ঋণ নেয় বিসমিল্লাহ গ্রুপ। টেরিটাওয়েল (তোয়ালে জাতীয় পণ্য) উত্পাদক প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও চেয়ারম্যান তার স্ত্রী নওরীন হাসিব পালিয়ে বিদেশে অবস্থান করছেন বলে দুদক জানিয়েছে।