সংকট উত্তরণে রাজনৈতিক উদ্যোগের আহবান

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:১৫
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের এক জরুরি সভায় দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়, পরিস্থিতির আরো অবনতি ঘটার আগে আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকট ও অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকারি দল আওয়ামী লীগকেই কার্যকরী রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, সরকারি দল জেদ ও একগুয়েমি পরিহার করে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে দূরদর্শিতা দেখাতে না পারলে তাদেরই সবচেয়ে বেশি মাশুল দিতে হবে। সভায় বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে গণগ্রেফতার, মামলা, রিমান্ড, গণমাধ্যমের কণ্ঠরোধসহ স্বৈরতান্ত্রিক পদক্ষেপ বিদ্যমান সংকটের কোন সমাধান করবে না, বরং তা সামগ্রিক পরিস্থিতিকে আরো সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এ রকম পরিস্থিতিতে কোন গণতান্ত্রিক শক্তিই লাভবান হবে না। বরং ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক নানা শক্তিই এই অবস্থার সুযোগ নিতে পারে। সভায় দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে কিভাবে সবার অংশগ্রহণে অবাধ নির্বাচন হতে পারে সেই ব্যাপারে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। মঙ্গলবার পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন আহমেদ নাসু, আবদুস সালাম, বহ্নিশিখা জামালী, ডা. এম. আক্তারুজ্জামান, আকবর খান, মোফাজ্জল হোসেন মোস্তাক প্রমুখ। সভায় প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।