মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া প্রায় সমাপ্ত দুটি প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম তদন্তের জন্য তিন সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে রিপোর্ট দাখিল করতে দুমাস সময় দেয়া হয়।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটির সদস্যরা সমাপ্তপ্রায় ‘নারী ও পুরুষের মধ্যে সমতার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন’ এবং ‘শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (তৃতীয় সংশোধিত)’ এ দুটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটি মতামত দিয়েছে যে প্রকল্প দুটির ব্যাপারে তদন্ত করা প্রয়োজন। এ জন্য মোহাম্মদ সিরাজুল আকবরকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুজন সদস্য হচ্ছেন জিনাতুন নেছা তালুকদার ও আসমা জেরিন ঝুমু। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর উপর আলোচনার এক পর্যায়ে ডুপ্লিকেট প্রকল্প পরিহার করার পরামর্শ দেয়া হয়। সে সাথে প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বিভিন্নভাবে ভিকটিম হওয়া নারীদের ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ ও প্রচার না করে অপরাধীদের ছবি প্রচার ও প্রকাশের সুপারিশ করা হয়। তাছাড়া ভিকটিম নারীদের সহযোগিতায় ডাক্তারসহ সকলকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন হাসপাতালের ফরেনসিক বিভাগে মহিলা ডাক্তারদের নিয়োগ দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের ডিজি মো. আশরাফ হোসেনসহ সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
