রাজশাহী ও রংপুর বিভাগে ২১ এপ্রিল বিএনপির হরতাল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৬
রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপি আগামী ২১ এপ্রিল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এ হরতালের ঘোষণা দেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। একই দাবিতে তিনি আগামী শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়া হয়। তবে ওই দিন এইচএসসি ও সমমানের পরীক্ষা থাকলে তা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। লিখিত বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান সরকার বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করে দেশবাসীর সঙ্গে রীতিমতো জুলুম শুরু করেছে। বাকশালী কায়দায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের অধিকাংশের বাড়ি রাজশাহী ও রংপুর বিভাগে হওয়ায় এই দুই বিভাগে হরতাল ডাকা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি প্রকাশের অনুমতি, সরকারের বিভিন্ন দুর্নীতির বিচার, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দেয়ার দাবি জানানো হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আসাদুল হাবিব দুলু, জয়পুরহাট সদর আসনের সাংসদ মোতাহার আলী প্রধান, সাবেক সাংসদ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।