‘আমলারা দখল করে আছেন প্রকৌশলীদের পদ’

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৭

দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এদিন ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসাবে পালিত হয়ে থাকে। রমনার আইইবি প্রাঙ্গণে সকাল ৮টায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে শপথ গ্রহণ করেন সদস্যরা। পরে জাতীয় সংগীত বাজানোর সঙ্গে সঙ্গে জাতীয় ও আইইবির পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন শেষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘উন্নত জগত্ গঠন করুন’ এ সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইনস্টিটিউশন যাত্রা শুরু করে। এরপর থেকে আইইবি জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। অথচ অনেক প্রকল্পে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমলারা দখল করে আছেন প্রকৌশলীদের পদ। ফলে মিলছে না কাঙ্ক্ষিত ফল। তাই প্রকৌশলীদের কাজ তাদের দিয়েই করানোর দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, এস এম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ওয়ালী উল্লা সিকদার, সম্মানী সম্পাদক শাহাদত্ হোসেন শীবলু প্রমুখ । —প্রেস বিজ্ঞপ্তি