দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে বিরোধী দলের নেতা-কর্মীদের হেনস্থা, পার্টি দফতরে ভাঙচুর বন্ধে তৃণমূল কর্মীদের সংযত হওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মাধ্যমে কর্মীদের ‘শান্ত, সংযত ও কোনও প্ররোচনায় পা না-দেয়ার’ জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। —খবর আনন্দবাজার পত্রিকার।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার বলেছেন, “রাজ্যের কোথাও কোনও বিরোধী দলের কেউ গেলে তাঁকে বাধা দেয়ার চেষ্টা হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কেউ কোথাও কোনও কর্মসূচি পালন করলে তাঁকে যেন বাধা দেয়া না হয়। নেত্রীর এই নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সর্বস্তরে, আমাদের দলের জনপ্রতিনিধি থেকে নেতাদের জানিয়ে দিয়েছেন।”
