তালায় স্কুলছাত্র প্রহূত হওয়ায় বিক্ষোভ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫২
সাতক্ষীরার তালায় এক স্কুলছাত্রকে মারপিটের ঘটনায় স্থানীয় জনতা স্কুল তালাবদ্ধ করে ঝাটা মিছিলসহ দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবী জানায়। জানা যায়, উপজেলার ভারসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মৃত নাজিমুদ্দিন সরদারের পুত্র তৌহিদ সরদারকে (৭) গত মঙ্গলবার তুচ্ছ ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি মাফেল উদ্দীন শ্রেণিকক্ষে প্রবেশ করে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনার জের ধরে বুধবার লাঠি-ঝাটা নিয়ে মিছিল সহকারে প্রতিবাদ জানাতে থাকে। এসময় জনতা স্কুল শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে এধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। আন্দোলনকারীরা ২৪ ঘন্টার মধ্যে ঘটনার নায়ক মাফেল উদ্দীনকে গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানান।