ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বুধবার রাতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় তিন স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো, জেলার কোটচাঁদপুর উপজেলার সিংদিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগম ও একই গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে ছানারুদ্দীন। কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, উপজেলার সিংদিয়া গ্রামের তিন স্কুলছাত্রী গত বুধবার সকালে তারা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এসময় ভারতে ভাল চাকরি দেবার প্রলোভন দেখিয়ে একই গ্রামের ফাতেমা বেগম ও ছানারুদ্দীন মণ্ডল ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এসময় গতিবিধি সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন তাদেরকে আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ স্কুলছাত্রীকে উদ্ধার ও ২ পাচারকারীকে আটক করে। এ ব্যাপারে স্কুলছাত্রী চম্পার পিতা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন।
