মংলায় ভিটেবাড়ি উচ্ছেদের অপচেষ্টা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৪
মংলায় এক অসহায় মহিলাকে তার পৈত্রিক ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতে একটি প্রভাবশালীমহল মরিয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত ওই মহিলাকে বাড়িছাড়া করতে হত্যা, গুমসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমতাবস্থায় আইনী সহায়তা চেয়ে অসহায় রুবিয়ারা মংলা থানায় ডায়েরিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন । বুধবার রুবিয়ারা বেগম এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন । তিনি জানান, মংলার শেলাবুনিয়া মৌজায় দেড় বিঘা জমির ওপর একটি পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে রুবিয়ারা তার তত্কালীন স্বামী আঃ হামিদের নামে ঐ বাড়ি থেকে ৫ কাঠা জমি লিখে দেন । প্রায় ৪ বছর পূর্বে হামিদ তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে কুমিল্লায় নিজ বাড়িতে বসবাস শুরু করেন। এর মধ্যে হামিদ কয়েক দফায় রুবিয়ারার বাড়িঘর দখলের পাঁয়তারা চালায় এবং তাকে নিয়ে নানা মানহানিকর কুত্সা রটায় । এতে রুবিয়ারা কোন উপায় না পেয়ে বছর খানেক আগে দ্বিতীয় বিয়ে করেন । রুবিয়ারা সাংবাদিকদের আরো জানান, পৈত্রিক সম্পদ রক্ষার জন্য তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেন । এতে হামিদ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রুবিয়ারাকে উচ্ছেদ করতে বর্তমানে মংলায় অবস্থান করছেন বলে জানানো হয়। এ অবস্থায় তিনি প্রশাসনসহ সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন ।