উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পুনর্বাসন এবং কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে প্রকল্প নিয়ে আলোচনাকালে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। আগামী বৃহস্পতিবার প্রকল্প দু’টির পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ধীরেন্দ্রচন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থবছরের চলমান প্রকল্পগুলোর প্রাক্কলন, বর্তমান অবস্থা এবং অগ্রগতির বিস্তারিত বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি এন্ড রেস্টোরেশন প্রকল্পের (ইসিআরআরপি) এর আওতায় অথবা ভবিষ্যতে গৃহীতব্য এ ধরনের প্রকল্পগুলো দেশের ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল দক্ষিণাঞ্চলের দিকে বাস্তবায়নে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছে।
ইসিআরআরপি প্রকল্প, ‘উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বাপাউবোর্ডের অবকাঠামোসমূহের পুনর্বাসন প্রকল্প’ এবং ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে প্রকল্প’ নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রকল্প দু’টির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে বৈঠক থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৫ এপ্রিল অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির কক্ষে অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্পের’ বাস্তব অবস্থা সংসদীয় কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। পরিদর্শন শেষে এই কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে। এছাড়া বৈঠকে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো ও বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, হাফিজ আহমদ মজুমদার, শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা এবং ফরিদুন্নাহার লাইলী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর, অধিদফতর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
