রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় একটি প্রাইমারী স্কুলের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশের সাত টুকরো উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকটির বয়স আনুমানিক ২৫ বছর। বৃহস্পতিবার সকালে এক পথচারী স্কুলের পাশে দেহের খণ্ডিত অংশগুলো দেখতে পেয়ে কামরাঙ্গীর চর থানা পুলিশকে খবর দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
কামরাঙ্গীর চর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরাফাত রহমান বলেন, আমরা দেহের খণ্ডিত অংশগুলো জোড়া লাগিয়ে দেখছি। লাশের সুরতহাল করা হয়েছে। লাশ মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, আমরা ধারণা করছি যুবকটিকে অন্য কোথাও হত্যা করে তার লাশ খণ্ডবিখণ্ড করে এখানে ফেলে দেয়া হয়েছে। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তিনি বলেন, সরকারি দলের সমর্থক স্থানীয় বখাটেরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
