আজ ওয়ানডে সিরিজ শুরু

বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ পাকিস্তান-ইংল্যান্ডের

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৩

দুয়ারে বিশ্বকাপ। একদিবসী ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের প্রস্তুতিতে ব্যস্ত এখন বেশিরভাগ দল। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে আজ বুধবার থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের মাটিতেই এ সিরিজ হবে বলে দুদলের জন্যই এটি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হবে।

আজ লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। প্রায় আড়াই বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে দুই দল। সর্বশেষ ২০১৬ সালের আগস্টে ইংল্যান্ডের মাটিতে পরস্পরের বিরুদ্ধে ওয়ানডে খেলেছিল তারা। ইংলিশরা পাঁচ ম্যাচের ওই সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিল।

তবে এবারের লড়াইয়ের আবহ ভিন্ন। কারণ সামনেই বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশনেই এই সিরিজ খেলবে উভয় দল। এর আগে পরস্পর ৮২ ওয়ানডে খেলে ইংল্যান্ড ৪৯ বার ও পাকিস্তান ৩১ বার জিতেছে।

এবার বিশ্বকাপের টপ ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ডকে। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র টি-২০ ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল ইংলিশরা। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একটি ওয়ানডে খেলে জয় পেয়েছিল তারা। তাই দল হিসেবে বেশ নির্ভার ইংল্যান্ড। দলের অধিনায়ক ইয়ন মরগানও আশাবাদী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলবে তার দল।

তিনি বলেন, ‘পুরো দলই বেশ ফুরফুরে মেজাজে আছে। এখনই বিশ্বকাপ আমরা চিন্তা করছি না। তার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই সিরিজটি হচ্ছে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। সেই কাজটি ভালোভাবে সম্পন্ন করতে মুখিয়ে আছে দলের খেলোয়াড়রা। আশা করি, সিরিজ থেকে ভালো ফল অর্জন করতে সক্ষম হবো।’ আজকের ম্যাচ দিয়ে মঈন আলী ছাড়া ইংল্যান্ডের সব তারকা ক্রিকেটার মাঠে ফিরছেন।

ইংল্যান্ডের ঠিক উল্টো অবস্থানে আছে পাকিস্তান। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নাকানিচুবানি খেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ওই সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সেই হারের স্মৃতি নিয়েই আজকের ম্যাচটি খেলতে নামছে সরফরাজ আহমেদের দল।

তবে এসব স্মৃতিকে দূরে ঠেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সেরাটা তুলে ধরতে চায় পাকিস্তান। অধিনায়ক সরফরাজ বলেছেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের শক্তি-দুর্বলতাগুলো এই সিরিজ দিয়ে জানা যাবে। তাই আমাদের চেষ্টা থাকবে এই সিরিজে সেরা পারফরমেন্স করা। যাতে ভালো কিছুকে সঙ্গী করে বিশ্বকাপের মঞ্চে যাওয়া যায়।’ —বাসস