হেফাজতে ইসলাম সারাদেশে গ্রেফতারকৃত আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের মুক্তি কামনায় আজ দেশব্যাপী দোয়া দিবস পালন করবে। এ উপলক্ষে দেশের সকল কওমি মাদ্রাসায় খতমে বুখারী, খতমে ইউনুসসহ বিভিন্ন খতম সম্পন্ন করে বিশেষ দোয়া মোনাজাতের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পুরনো ঢাকার কাজি রিয়াজ উদ্দীন রোডস্থ হেফাজতের ঢাকা মহানগর কার্যালয়ে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দোয়া দিবস পালন করার কর্মসূচি ঘোষণা করেন। রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতা-কর্মীরা মতবিনিময় সভায় যোগদান করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার হেফাজতে ইসলামের ঈমানী আন্দোলনকে ঠেকাতে আলেম ওলামা মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসার দায়িত্বশীলদের অন্যায়ভাবে গ্রেফতার, হয়রানি করে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকারকে অবিলম্বে এসব বন্ধ করে হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়ন করতে হবে। মতবিনিম সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম কেন্দ ীয় কমিটির যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা আবুল কাশেম, আইন সেলের প্রধান মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা রিয়াজাতুল্লাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবদুর রব, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান আরাবী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
