আর্চারি বিশ্বকাপের মূলপর্ব আজ

সানাকে ছাড়ালেন রুবেল

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৪

আর্চারি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের সবাই উতরে গেছেন। এর মধ্যে রুমান সানাকে পেছনে ফেললেন হাকিম আহমেদ রুবেল।

চীনের সাংহাইতে গতকাল ছিল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রথম দিন। এদিন রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আরচারি দলের রুবেল ৯৯ জন প্রতিযোগীর মধ্যে ৬৫৮ স্কোর করে ২৮তম ও সানা ৬৫৫ স্কোর করে ৩৫তম হন। এছাড়াও তামিমুল ইসলাম ৬৫০ স্কোর করে ৪৭তম এবং ইমদাদুল হক মিলন ৬৪০ স্কোর করে ৬৮তম স্থান অর্জন করেন।

রিকার্ভ মহিলা এককের বাছাইতে বাংলাদেশের বিউটি রায় ৬১২ স্কোর করে ৭৬ জন প্রতিদ্বন্দ্ব্বীর মধ্যে ৫১তম স্থান দখল করেন।

রিকার্ভ পুরুষ এককের নকআউট পর্বের প্রথম খেলায় রুবেলের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ম্যাথিসন ফিন। চীনা প্রতিপক্ষ দিং ইলিয়াংয়ের মুখোমুখি হবেন সানা। তামিম ও মিলন খেলবেন যথাক্রমে ফিনল্যান্ডের টেকোনিয়েমি অ্যান্টি ও ইংলিশ হিউস্টন প্যাট্রিকের বিপক্ষে। রিকার্ভ মহিলা এককের নকআউটে বিউটি ইরানের ঘাসেমি পারমিদার মুখোমুখি হবেন।

রিকার্ভ পুরুষ দলগতভাবে ২২টি দলের মধ্যে রুবেল, সানা ও তামিমকে নিয়ে গড়া বাংলাদেশ দল ১৯৬৩ স্কোর করে ১৪তম স্থান অর্জন করে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের বাছাই পর্বে ২৪টি দলের মধ্যে বাংলাদেশ ১২৭০ স্কোর করে ১৮তম হয়। রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টের নকআউটে আজ বাংলাদেশের প্রতিপক্ষ বেলজিয়াম। দলগত মিশ্র ইভেন্টে রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্ব্বিতা করবেন রুবেল-বিউটি।

কম্পাউন্ড পুরুষ এককে গতকাল ৬৬৯ স্কোর করে ৬০তম স্থান অর্জন করা অসীম কুমার দাস আজ ইভেন্টের মূলপর্বে মালয়েশীয় প্রতিপক্ষ ওং কো ওয়ানের মুখোমুখি হবেন। কম্পাউন্ড মহিলা এককের বাছাইতে সুস্মিতা বণিক ৬৮১ স্কোর করে ১৮তম স্থান অর্জন করে সিঙ্গাপুরের ‘মেডেলিন অং জু লি’র সঙ্গে প্রতিদ্বন্দ্ব্বিতা করবে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের বাছাইপর্বে গতকাল বাংলাদেশ ১৩৫০ স্কোর করে ১৮তম হয়। নকআউট পর্বের খেলায় আজ তাদের প্রতিপক্ষ জাপান।