ভারতকে খুশি করতে সরকার চীনা অর্থ নিচ্ছে না

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৭
কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, পদ্মাসেতু নির্মাণে বাংলাদেশ জোরালো পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে খবরে উল্লেখ করা হয়, চীনের অর্থায়ন প্রস্তাব আকর্ষণীয় হলেও শেখ হাসিনা সরকার তার স্মার্ট কূটনীতির কৌশলের অংশ হিসাবে চীনা অর্থায়ন না নিয়ে নিজস্ব অর্থায়নেই সেতুটি নির্মাণে উদ্যোগী হয়েছে। চীন থেকে অর্থ নেয়া হলে শেখ হাসিনা সরকারের বিশ্বস্ত মিত্র ভারত অখুশি হতে পারে, এমন আশঙ্কার কথাও বলা হয়েছে রিপোর্টে। কারণ, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামপ্রতিককালে চীন তার অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করে চলেছে। চীনা বিশ্লেষক বিনোদ মিশ্র আল-জাজিরাকে বলেন, পদ্মাসেতুর মতো একটি বৃহত্ বিনিয়োগের ক্ষেত্রে ভারত কখনোই চীনের সঙ্গে পেরে উঠবে না। জয়ন্ত রায় নামের আরেক বিশ্লেষকের মতে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদে সামপ্রতিককালে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া একটি নতুন মাত্রা যোগ করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা গেলে এই মাত্রা আরও জোরালো হবে।