বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ডিসি-১০ উড়োজাহাজ বুধবার রাতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ১২ জন ক্রুসহ ২৩৫ জন যাত্রী নিয়ে বিমানের এ ফ্লাইটটি (বিজি ০৪৭) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর মধ্য আকাশে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ১৫ মিনিট আকাশে উড়ার পর পাইলট ফ্লাইটটি আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন এবং তা যাত্রীদের অবগতির জন্য জানান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পাইলট তার সিদ্ধান্তের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে জানিয়ে দেন। সাথে সাথে বিমানবন্দরে সতর্ক অবস্থা জারি করা হয়। প্রস্তুত রাখা হয় বিমানবন্দরের দমকল কর্মীদের। উড়োজাহাজটি যাতে নিরাপদে অবতরণ করতে পারে সে জন্য চলন্ত অবস্থায় আকাশ থেকে বিমানের সব জ্বালানি ফেলে দেয়া হয়। সন্ধ্যা ৬টা ১২ মিনিটে বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অবতরণের পর সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। প্রায় দুই ঘণ্টা পর অপর একটি বিমানে করে যাত্রীদের চট্টগ্রাম হয়ে দুবাই পাঠনো হয়। বিমান কর্তৃপক্ষ জানান, উড্ডয়নরত এ উড়োজাহাজটি কার্গো হোল্ডের প্রেসার বাল্কহেডে ফাটল দেখা দেয়ায় এ বিপত্তি ঘটে। এদিকে বুধবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ডিসি-১০ উড়োজাহাজটি বিমান বহরে আর না রাখা সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
