টেক্সাসে সার কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৯
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি সার কারখানায় অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৬০ জনের বেশি। স্থানীয় মেয়র জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা ছিল প্রায় একটি পরমাণু বিস্ফোরণের মতো। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বিবিসির। টেক্সাসের সার কারখানায় প্রথম অগ্নিকাণ্ড ঘটে গত বুধবার সন্ধ্যাবেলা। এর কয়েক ঘন্টা পর অগ্নিনির্বাপক কর্মীরা যখন প্ল্যান্টের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন তখন আরো একটি বিস্ফোরণ হয়। স্থানীয় জননিরাপত্তা কর্মকর্তা ডি এল উইলসন বলেন, বিস্ফোরণস্থলের অবস্থা ভয়াবহ। যেন ইরাক বা ওকলাহোমার মতো পরিস্থিতি। এতে কারখানার কাছাকাছি থাকা ৫৯ থেকে ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫০টি বাড়ির একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুরো ধ্বংস হয়ে গেছে। শুধু ভবনের কঙ্কালটা দাঁড়িয়ে আছে। একটি নার্সিং হোম, কয়েকটি বাড়ি এবং গ্যাস লাইনে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন কেউ ইচ্ছে করে লাগিয়েছে এমন কোন আভাস এখনো পাননি কর্মকর্তারা, তবে এলাকাটিকে একটি সম্ভাব্য অপরাধ স্থল হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিস্ফোরণস্থলে কাজ করছে উদ্ধারকারীরা। এই বিস্ফোরণের ফলে বাতাসে যে আলোড়ন তৈরি হয় তা অনেক দূর পর্যন্ত অনুভূত হয়। পুলিশের মুখপাত্র প্যাট্রক সোয়ানটন সংবাদ সম্মেলনে বলেন, হতাহতের সংখ্যা ঠিক কত তা এখনো স্পষ্ট নয়। একটি হাসপাতালে কমপক্ষে একশ আহত লোককে চিকিত্সা দেয়া হয়েছে, আরেকটিতে ৬০ জনের বেশি লোক চিকিত্সা নিচ্ছে। তদন্তকারী দলগুলো এখন আহতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে, কারখানাটির ভেতরে অ্যামোনিয়াজাত কোন যৌগিক পদার্থের বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় রেডক্রস বলছে, বাড়িঘর ধ্বংস হবার ফলে যারা গৃহহীন হয়েছেন তাদের জন্য একটি জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।