নারীরাই একটি সংসারের কেন্দ্রবিন্দু, তাই নারীদের সচেতন করার মাধ্যমে পুরো পরিবার তথা গোটা সমাজকে সচেতন করা সম্ভব। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র বোয়ালমারী-১ ব্র্যাঞ্চের ময়না ভূমিহীন মহিলা সমিতি’র নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে কথাগুলো বলছিলেন বক্তারা। উঠান বৈঠকের আলোচনার বিষয় ছিল “স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা”।
আলোচনাকালে আশা’র বোয়ালমারী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ মহিউদ্দিন সিকদার বলেন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও পায়খানার পর সাবান দিয়ে হাত পরিষ্কারের মাধ্যমে অধিকাংশ রোগ জীবাণু থেকে দূরে থাকা যায়। তিনি জানান, আশা’র নিজস্ব তহবিলের সহায়তায় ‘স্বাস্থ্য সচেতনতা প্রকল্পে’র আওতায় গ্রামের নারীদের নিয়মিত স্যানিটেশন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।
আশা’র বোয়ালমারী-১ ব্র্যাঞ্চের ময়না ভূমিহীন মহিলা সমিতি’র সভানেত্রী রুবিয়া বেগমের সভাপতিত্বে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তথ্য উপস্থাপন করেন আশা বোয়ালমারী-১ ব্র্যাঞ্চের অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ ম্যানেজার স্বপন কুমার ঘোষ ও লোন অফিসার মো. ইনামুল হক।
