কখনো ভালো কিছুর প্রত্যাশায় আবার কখনো বা প্রতিষ্ঠানের প্রতি বিরক্তি থেকে অনেকেই তাদের চাকরি থেকে ইস্তফা দেন। তবে ভালো কিছুর সন্ধানে বর্তমনা চাকরি ছেড়ে যাওয়ার জন্য যে ইস্তফা পত্র বা রেজিগনেশন লেটার দেওয়া হয় এবার সেই রেজিগনেশন লেটারেই এক নতুন চমক দেখিয়েছেন ব্রিটেনের কেমব্রিজশায়ারের এক বেকার বা কেক প্রস্তুতকারক। স্ট্যানস্টেড বিমানবন্দরে কাজ করা এই বেকার সম্প্রতি তার কাজের মধ্য দিয়েই বিদায় জানিয়েছেন বর্তমান চাকরিকে। আর এটি করতে যেয়ে নিজের ইস্তফা পত্রটির পুরোটাই তিনি লিখেছেন একটি কেকের উপর। সাধারণত আমরা যেভাবে কেকের উপর আইসিং দিয়ে হ্যাপি বার্থডে লিখে আনি ঠিক সেভাবেই কেকের উপর নিজের পুরো রেজিগনেশন লেটারটি লিখে বর্ডার ফোর্স এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠান ক্রিস হোমস নামের ৩১ বছর বয়সী এই বেকার। নিজের ইস্তফা পত্রে কেকের উপরে তিনি লেখেন, ‘আজ আমার বয়স ৩১ এবং কিছুদিন আগে বাবা হওয়ার সুবাদে আমি এখন বুঝি যে জীবন কতোটা মূল্যবান এবং এটাও বুঝি যে নিজেকে ও অন্য সবাইকে খুশি করে এমন একটা কাজের গুরুত্ব কতটা বেশি। এ কারণে আমি আমার চাকরিটি ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি যেন আমি আমার সময় ও শক্তি আমার পরিবার ও গত ক’বছর ধরে গড়ে তোলা আমার নিজের কেক ব্যবসায় ব্যয় করতে পারি। আমি আমার প্রতিষ্ঠান ও সহকর্মীদের সুন্দর ভবিষ্যত্ কামনা করি।’ কেকের উপর খোদাই করা এই রেজিগনেশন লেটারের শেষ দিকে নিজের স্বাক্ষর ও নাম ছাড়াও ২০১০ থেকে শুরু করা তার কেকের দোকানের অনলাইন ঠিকানা এবং ভালো লাগলে কেক অর্ডার করার বার্তাটিও দেন। এদিকে অভিনব এই রেজিগনেশন লেটার বা কেক পাওয়ার কথা স্বীকার করে স্ট্যানস্টেড বিমানবন্দরের বর্ডার ফোর্স অ্যাসিস্টেন্ট ডিরেক্টর বিল ফর্ম জানান, ‘সে (ক্রিস হোমস) আমাদের শুভকামনাকে সাথে নিয়ে চাকরি ছাড়ছে এবং আমরা সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
