চারঘাট থানার পুরনো ভবন থেকে গুলি চুরি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৩৩
রাজশাহীর চারঘাটা থানা কম্পাউন্ডের একটি পুরান ভবন থেকে বৃহস্পতিবার দিনগত রাতে ম্যাগজিন ও গুলিসহ চারটি ট্রাভেল ব্যাগ চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বড়ালের চর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও চাইনিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে ২টি ম্যাগজিন ও ৬০ রাউন্ড এসএমজির গুলি পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুরান ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত হওয়ায় থানার কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়। কিন্তু ওই পরিত্যক্ত ভবনে একজন এএসআই ও তিনজন কনস্টেবল থাকতেন। তারা তাদের ট্রাভেল ব্যাগের মধ্যে গুলি ও ম্যাগজিন রাখেন। বৃহস্পতিবার রাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেদায়েতউল্লাহ্’র নেতৃত্বে সকলে লাঠিহাতে রাত্রিকালীন টহল ডিউটিতে যান। গভীর রাতে টহল থেকে রুমে ফিরে যথাস্থানে ট্রাভেল ব্যাগগুলো দেখতে পাননি। ওসি আরো বলেন, ঘটনার পর থেকে চুরি হওয়া ম্যাগজিন ও গুলির খোঁজে পুলিশী অভিযান চলছে। শুক্রবার সকালে থানা থেকে প্রায় একশ’গজ উত্তরে বড়াল নদীর উত্তর চর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও চাইনিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তিনটি ট্রাভেল ব্যাগের মধ্যে এএসআই হেদায়েতুল্লাহর ট্রাভেল ব্যাগটি পাওয়া গেছে। তবে ওই ব্যাগে রক্ষিত ২টি ম্যাগজিন ও ৬০ রাউন্ড এসএমজির গুলি পাওয়া যায়নি। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। জেলার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, দায়িত্বে অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।