তুলির আঁঁচড়ে কল্পনার মুহূর্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৩
ধানমন্ডির সাতমসজিদ রোডের তাজ লিলি ভবনের ১২ তলায় অবস্থিত গ্যালারি টোয়েন্টি ওয়ান-এ চলছে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী। ঢুকতেই চোখে পড়ে দেয়ালে ঝুলানো একটি মুক্তিযুদ্ধের ছবি। যুদ্ধাহত একজন বাঙালির রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়ে আছে। আগুনের শিখায় ধোঁয়াটে হয়ে আছে চারপাশ। এরই মাঝে একজন মুক্তিযোদ্ধা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। ছবিটি সম্পর্কে গ্যালারি টোয়েন্টি ওয়ান-এর কর্ণধার শামীম সুবরানা জানান, ছবিটি এঁকেছেন শিল্পী সাহাবউদ্দীন আহমেদ। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আর ‘মুক্তিযোদ্ধা’ শিরোনামে আঁকা ছবিটি দর্শনার্থীদের নিয়ে যাবে ৭১-এর সেই মুহূর্তে, যখন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়ে যাচ্ছিলেন। মানুষ ঘুমালে মাঝরাতে আত্মাগুলো কীভাবে ঘুরে বেড়ায় তার ছবি এঁকেছেন লিটন ভুঁইয়া। অনেকটা একই বিষয়ে ‘ড্রিম অ্যান্ড ফ্যান্টাসি’ শিরোনামে ফারিহা জেবার ছবিতে কল্পনার মুহূর্তগুলো ফুটে উঠেছে শিল্পীর তুলিতে। শামীমা সুবরানার আঁকা ছবিতে ফুটে উঠেছে শাহবাগের প্রজন্ম চত্বরে জেগে উঠা তরুণদের চিত্র। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে এ যুগের তরুণ প্রজন্মের আন্দোলনের ছবি ছাড়াও রয়েছে প্রেম, বিরহ, সংগ্রামী জীবনের নানা চিত্র। ৫১ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে গ্যালারি টোয়েন্টি ওয়ান-এ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শাহবাগের প্রজন্ম চত্বর পর্যন্ত ইতিহাসের স্বর্ণাক্ষরে রচিত ঘটনাগুলো শিল্পীরা নিখুঁত হাতে তুলে ধরেছেন শিল্পীয়রূপে। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাস, প্রকৃতি, সংগ্রাম, পাহাড়িদের জীবন নিয়ে প্রদর্শনী। প্রদর্শনী সম্পর্কে শামীম সুবরানা বলেন, দীর্ঘ বিরতির পর আবারও দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের একত্র করার মাধ্যমে আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছি। প্রদর্শনীতে রনবী, হাসেম খান, আব্দুল্লাহ খালেদ, মানসুরুল করিম, অভিনেত্রী বিপাশা হায়াত, শিল্পী কনকচাঁপা চাকমাসহ আরও অনেকের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। শেষ হবে ৩০ এপ্রিল। -বিডিনিউজ