বনানীতে মালবাহী ট্রেনের কনটেইনার উল্টে দুর্ঘটনায় ক্ষতিগ স্ত বস্তির লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে নিহত মজিবুরের লাশের ময়না তদন্ত গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় মজিবুরের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিক ক্লাবের অদূরে চেয়ারম্যানবাড়ি এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হলে একটি কন্টেইনার রেললাইনের পাশের বস্তিতে আছড়ে পড়ে ২০টি ঘর দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বস্তিঘরগুলোতে বসবাসকারী কয়েকটি পরিবার বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, আহত কয়েকজন চিকিত্সা শেষে বস্তিতে ফিরেছে। তবে এখনো এক নারীসহ দুইজন পঙ্গু হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তারা আশংকামুক্ত। ওসি আরো জানান, কন্টেইনার চাপা পড়ে রিকশাচালক মজিবুরের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
