সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৬
নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামীকাল রবিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার রাত ১২টা থেকে রাজধানীর নিম্নলিখিত এলাকাসমূহে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার ওপর অর্পিত ক্ষমতাবলে সংসদ অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে শেরেবাংলানগরস্থ জাতীয় সংসদ ভবন এবং পার্শ্ববর্তী এলাকাসমূহের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ঘোষণা দিয়েছেন। এলাকাসমূহ হচ্ছে-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।