ধ্বংস নয়—সৃষ্টিতেই সফলতা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৮
‘হরতাল’ রাজনীতির অভিধানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকারের যে কোনো সিদ্ধান্ত বা কাজের প্রতি অনাস্থা জ্ঞাপনের ক্ষেত্রে আন্দোলনের সর্বশেষ পর্যায় হলো হরতাল। আমরা দেশ বিভাগের আগে মহাত্মা গান্ধী ও আমাদের স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর ডাকে হরতাল পালনের ইতিহাস সম্পর্কে অবগত আছি। সেগুলো ছিল অহিংস ও শান্তিপূর্ণ। তবে বর্তমান সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ডাকা হরতাল পালনের ধরন হরতালের সংজ্ঞাকেই যেন পালটে দিয়েছে। হরতাল এখন জ্বালাও-পোড়াও আর আতঙ্কের আরেক প্রতিশব্দতে পরিণত হয়েছে। আর এ চরম ক্ষতির প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার আমাদের দেশ ও তার জনসাধারণ। হরতালে আতঙ্ক সৃষ্টির এই অপসংস্কৃতিটি বহুদিনের যা বর্তমান সময়ে চরম আকার ধারণ করেছে। হরতালের যে ধ্বংসলীলা তার শিকার অসহায় শিশু, নারী, বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ। লাগাতার হরতালের ফলে একদিকে যেমন রক্তপাত, আতঙ্ক সৃষ্টি হচ্ছে তেমনি অর্থনীতিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকারের কৌশলগত দুর্বলতা এবং দমন-পীড়ন, গুলি চালনার নির্দেশ, গণ গ্রেফতারও এই ভয়ংকর পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। যা অনেক ক্ষেত্রে হরতালকারীদের ধ্বংসাত্মক কাজকেও অনেকের চোখে বৈধতা দিচ্ছে। এ ছাড়া পুলিশ প্রশাসনের চরম অদক্ষতাও প্রকটভাবে ধরা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গুলি চালনা ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হয়ে হাজার হাজার অজ্ঞাতনামাকে আসামি করা তারই প্রমাণ। এহেন পরিস্থিতিতে দেশের সাধারণ নাগরিক বিরোধী জোট ও সরকার উভয়কেই অনেক বেশি সহনশীল দেখতে চায়। হরতালকারীদের একথা ভুলে গেলে চলবে না যে, যে সম্পদ ধ্বংস হচ্ছে তা আমাদের দেশেরই সম্পদ আর যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা আমাদেরই ভাই বা বোন। দেশের জান ও মালের ক্ষতিসাধন করে আর যাই হোক মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তেমনিভাবে সরকারকেও মনে রাখতে হবে যাঁদের ওপর গুলি বর্ষণ করা হচ্ছে তাঁরা এদেশেরই নাগরিক এবং তাঁরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার। তাঁরা অপরাধী হলেও দেশের নাগরিক হিসাবে আইনের মাধ্যমে বিচার পাবার অধিকার রাখেন। দেশের এমন পরিস্থিতিতে অনেকেই হরতাল নিষিদ্ধের পক্ষে মত দিচ্ছেন। তবে হরতাল যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ, তাই এটি নিষিদ্ধ করলে প্রকৃত গণতন্ত্র চর্চা ব্যাহত হতে পারে। তাছাড়া এটা করলেই সমস্যার সমাধান হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই হরতাল নিষিদ্ধ নয় বরং রাজনৈতিক দলগুলো যেন দেশ ও জনগণের কল্যাণে আরও সহনশীল ভূমিকা পালন করে তার জন্য আহবান জানাই। একটি বিষয় তাদের (রাজনৈতিক দল) অনুধাবন করা জরুরি যে— ধ্বংস নয় সৃষ্টিতেই সফলতা। খুলনা