নগর সংস্কৃতি

সৈয়দ শামসুল হক নাট্যোত্সব শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৫
‘জাগো বাহে কোনঠে সবায়’ শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে প্রাঙ্গণেমোর আয়োজিত ‘সৈয়দ শামসুল হক নাট্যোত্সব ২০১৩’। প্রথমবারের মতো শুধু সৈয়দ শামসুল হকের নাটক নিয়ে এই উত্সবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় এই উত্সবের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হকের নাটকের নির্দেশকরা। তাদের মধ্যে ছিলেন আতাউর রহমান, সারা যাকের, তারিক আনাম খান, গোলাম সারোয়ার ও সুদীপ চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাঙ্গণেমোর-এর অধিকর্তা অনন্ত হিরা। উদ্বোধনী পর্বে সৈয়দ শামসুল হক উপস্থিত ছিলেন। উদ্বোধনী সন্ধ্যায় থিয়েটার মঞ্চস্থ করে মুক্তিযুদ্ধ বিষয়ক কালজয়ী নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল মামুন নির্দেশিত নাটকটির নব রূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী। এটি ছিল নাটকটির ১২৭ মঞ্চায়ন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী রহমান, কেরামত মওলা, পরেশ আচার্য, মারুফ কবির, ত্রপা মজুমদার, খুরশীদ আলম, রাশেদুল আওয়াল, জোয়ারদার সাইফ, রুনা লাইলা, সমর দেব, সামদানী, কল্যাণ, তানজুম, কাওসার, আতিকুর রহমান, এরশাদ, তোফা হোসেন প্রমুখ। উত্সবের দ্বিতীয় দিন আজ শনিবার সন্ধ্যা সাতটায় পদাতিক নাট্য সংসদ জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ করবে ‘ম্যাকবেথ’। আগামীকাল একই সময় একই মঞ্চে কণ্ঠশীলন মঞ্চস্থ করবে ‘উত্তরবংশ’। ২২ এপ্রিল পালাকাকার মঞ্চস্থ করবে ‘বাংলার মাটি বাংলার জল’। একদিন বিরতি দিয়ে ২৪ এপ্রিল নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে ‘অপেক্ষামাণ’। ২৫ এপ্রিল কোনো নাটকের প্রদর্শনী নেই। এদিন থাকবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিকাল চারটায় জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলার সেমিনার কক্ষে ‘কালের যাত্রায় সৈয়দ শামসুল হক-এর নাটক’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংস্কৃতিজন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, তারিক আনাম খান, গোলাম সারোয়ার ও আমিনুর রহমান মুকুল। একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘নাট্যকার সান্নিধ্য’ শিরোনামে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে আয়োজনে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সৈয়দ শামসুল হকের উপস্থিতিতে তারই সৃষ্ট বিভিন্ন নাটকের চরিত্রগুলো অভিনীত হবে। ওই অনুষ্ঠানে অংশ নেবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান, সারা যাকের, আবুল হায়াত, নিমা রহমান, তারিক আনাম খান, খালেদ খান, লাকী ইনাম, খায়রুল আলম সবুজ, শান্তা ইসলাম, বিপাশা হায়াত, আফসানা মিমি ও ত্রপা মজুমদার। এ অনুষ্ঠান সঞ্চালনা করবেন নাট্যজন মামুনুর রশীদ। এছাড়া ওইদিন আবৃত্তি করবেন হাসান আরিফ, শিমুল মুস্তাফা, আহকামউল্লাহ, ইশরাত নিশাত ও মাহিদুল ইসলাম। এছাড়া সৈয়দ শামসুল হক তার নির্বাচিত রচনা থেকে পাঠ করবেন। ২৬ এপ্রিল প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে সৈয়দ শামসুল হক রচিত ও অনন্ত হিরা নির্দেশিত নতুন প্রযোজনা কাব্যনাট্য ‘ঈর্ষা’। নাটকটির ব্যাপ্তি ১০০ মিনিট। সংলাপ ৭টি। সবচেয়ে বড় সংলাপ ২৬ মিনিট। সবচেয়ে ছোট সংলাপ ১২ মিনিট। চরিত্র তিনজন। তারা হলেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও রামিজ রাজু। ২৭ এপ্রিল সমাপনী দিন পালাকার মঞ্চস্থ করবে ‘নারীগণ’। এই নাটকটি মঞ্চস্থ হবে একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। নাসিমা শাহীনের গানের সিডি ‘নিশি নিঝুম’-এর মোড়ক উন্মোচন:বাঙালি জীবনযাপনের চিরায়ত সরল জীবনদর্শন প্রতিফলিত হয় তার সুর আর সঙ্গীতে। বাংলার এই সৃজনশীল সুর বৈচিত্র্যের অন্যতম পুরোধা কবিগুরু রবীন্দ নাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বেঙ্গল ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। এর প্রথমটির শিল্পী নাসিমা শাহীনের কণ্ঠে নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘নিশি নিঝুম’-এর মোড়ক উন্মোচিত হলো শুক্রবার।