অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধন আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৫৭
চলমান রাজনৈতিক উত্তাপ আর জ্বালাও পোড়াও-এর মাঝে দেশের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য অন্যতম সুখবর হলো বহুল প্রতীক্ষিত বাংলাদেশ গেমসের উদ্বোধন হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় গেমসের পর্দা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১টি ডিসিপ্লিন নিয়ে নয় দিনের গেমসে অন্তত ছয় হাজার ক্রীড়াবিদ মাঠের লড়াইয়ে নামবেন। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই বিকাল চারটায় ডিসপ্লে শুরু হয়ে যাবে। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে যাবেন। প্রথাগত নিয়মে নয় এবার গেমসের উদ্বোধন হবে ভিন্ন আঙ্গিকে। ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে একটি ডিজিটাল প্যাডে তার স্বাক্ষর করবেন। সাথে সাথে গ্যালারিতে সাদা পর্দায় ভেসে উঠবে তার স্বাক্ষর এবং আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ হাজার শিল্পী-কলাকুশলী মনোরম ডিসপ্লে করবেন। তারা এদেশের ঐতিহ্য ডিসপ্লের মাধ্যমে তুলে ধরবেন। আয়োজকরা জানান, ২২ কোটি টাকা ব্যয় করে এই গেমসের আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করতে ৭ কোটি টাকার বেশি ব্যয় হবে বলে জানিয়েছে গেমসের আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সমাপনী অনুষ্ঠানের পেছনে ব্যয় হবে ১ কোটি টাকার মতো। উদ্বোধনী ও সমাপনীর জমকালো আয়োজনের দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। চারশ শিল্পী ব্যান্ড ডিসপ্লেতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ গেমসের মাসকট কাঠবিড়ালী। বিশাল আকারের দৃষ্টিনন্দন মাসকটকে নড়তে-চড়তেও দেখা যাবে। মূল অনুষ্ঠানে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। দুই হাজার সাল থেকে এ পর্যন্ত ক্রীড়াঙ্গনের স্মরণীয় মুহূর্তগুলোও দেখতে পারবেন দর্শকরা। রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার সংগঠন ‘সুরের ধারা’র একশ শিল্পী নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। থাকবেন স্বাধীন বাংলা বেতারের সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে বেশ কিছু ক্ষেত্রে থাকবে চমক। মশাল প্রজ্বলনে থাকবে নতুনত্ব। মশাল প্রজ্বলন করবেন সাবেক প্রখ্যাত হকি তারকা জুম্মন লুসাই। গেমসের রীতি অনুযায়ী শপথ বাক্য পাঠ করাবেন দেশের দ্রুততম মানব মোহন খান ও দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি। ছয়শ শিল্পী সুরের মূর্ছনায় তুলে ধরবেন দেশের গ্রামীণ ঐতিহ্য। সেখানে থাকবে স্বাধীনতার ঘোষণা, কিভাবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার প্রদর্শনীও থাকবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে। লেসার শোতে থাকবে আরো আকর্ষণীয় পর্ব। আলোর খেলায় চোখ ধাঁধিয়ে যাবে বলে আয়োজক কর্মকর্তারা জানিয়েছেন। থিং সং গাইবেন সুবীর নন্দী, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার এবং কণা। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় পতাকা নিয়ে মাঠে প্রবেশ করবেন। অনুষ্ঠান শেষে ১০ মিনিট আতশবাজির খেলা দেখা যাবে আকাশে। নয় দিনের গেমসের সমাপনী ২৮ এপ্রিল। উল্লেখ্য, ২০০২ সালে সপ্তম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়েছিল।