বাহরাইনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:০০
বাহরাইনে ফরমুলা ওয়ান গ্রান্ড প্রিক্সের অনুশীলন চলার সময় পুলিশের সাথে সরকার-বিরোধীদের সংঘর্ষ হয়েছে। তবে অনুশীলনস্থল থেকে বেশ দূরে সংঘর্ষের ঘটনা ঘটায় অনুশীলনে কোনো বিঘ্ন ঘটেনি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সংস্কারের পক্ষে দাবি জানিয়ে শুক্রবার এই বিক্ষোভ সংঘটিত করে ‘ফ্রেব্রুয়ারি ১৪ রেভ্যুলুশন ইয়ুথ কোয়ালিশন’ নামে তরুণদের একটি সাইবার গ্রুপ। বিক্ষোভকারীরা রাজধানী মানামার প্রাক্তন পার্ল স্কোয়ারে মিছিল করে যাওয়ার চেষ্টা করে। এই স্কোয়ারটি ২০১১ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং শর্টগান থেকে গুলি ছোঁড়ে। মানামার বাইরে শিয়া গ্রামগুলোতে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা এবং পাথর নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা ‘তোমাদের এই প্রতিযোগিতা একটি অপরাধ’, ‘অবৈধ সরকার মানি না’ ইত্যাদি বলে স্লোগান দেয়।