স্বাধীনতাবিরোধী শক্তি একত্রিত হয়ে নারীদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে - পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৫
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হেফাজতে ইসলামের নামে স্বাধীনতাবিরোধী শক্তি একত্রিত হয়ে নারীদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। তারা নারীদের জিম্মি করে রাখতে ১৩ দফা দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানানো। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, হেফাজতে ইসলাম নারী জাগরণকে স্তিমিত করতে চায়। কিন্তু তাদের জেনে রাখা উচিত যে, নারী জাগরণ ছাড়া দেশ পঙ্গু হয়ে যাবে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জরিপে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৫ম স্থানে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তিনি হেফাজতে ইসলামের সকল ষড়যন্ত্র প্রতিরোধের জন্য দেশের সকল শ্রেণি-পেশার নারীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সংসদ সদস্য নিলুফা বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।