শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি

জাবি শিক্ষক সমিতির নতুন কর্মসূচি

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৬
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রের বহিষ্কারের দাবিতে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। নতুন কর্মসূচিগুলো হচ্ছে:আজ রবিবার গণসংযোগ ও প্রচারপত্র বিলি, ২২ এপ্রিল সাংবাদিক সম্মেলন, ২৩ এপ্রিল মৌন মিছিল, ২৪ এপ্রিল মানববন্ধন, ২৫ এপ্রিল অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করা। এর আগে ৩ দফা দাবি আদায়ে ভিসি মো. আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, আমাদের দাবি আদায় না হলে কর্মবিরতির মতো কর্মসূচি দেয়া হবে। এর আগে গত ১৩ এপ্রিল শিক্ষক সমিতি সাধারণ সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিষ্কারাদেশ কার্যকর এবং প্রোক্টরিয়াল বডির অপসারণ দাবিতে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। উল্লেখ্য, গত ৬ এপ্রিল শনিবার জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। বিভিন্ন ঘটনায় ৩৭ শিক্ষার্থী বহিষ্কার গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পৃথক অপরাধের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। মওলানা ভাসানী হল ও শহীদ রফিক-জব্বার হলের মধ্যকার সংঘর্ষ ও অস্ত্র রাখার অভিযোগে ৩ জন, ভর্তি পরীক্ষার সময় এ দুইটি হলের ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় ৪ জন, ইতিহাস সংসদের নির্বাচনে ছাত্রলীগের হামলার ঘটনায় ৪ জন, কলেজ শিক্ষককে আটক করে চাঁদাবাজির ঘটনায় ৪ জন, ইভটিজিংয়ের ঘটনায় ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত গতকালের সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিভিন্ন ঘটনায় এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।