গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম এক যুক্ত বিবৃতিতে ভারতীয় স্বার্থে রামপালে তাপবিদ্যুত্ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের তত্পরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল শনিবার বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে প্রতিবেশ সঙ্কটাপন্ন এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুত্ কেন্দ্র শুধু সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও বিরল প্রজাতির প্রাণীই ধ্বংস করবে না একই সাথে অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রে যে বিপুল গ্রীনহাউস গ্যাস উত্পন্ন হয় তা সুন্দরবনের বিরাট অংশ ধ্বংস করবে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বাড়িয়ে দেবে। নেতৃবৃন্দ বলেন, যেভাবে সুন্দরবন সিডর-আইলার ধ্বংসযজ্ঞ থেকে দেশের বিপুল অঞ্চলকে রক্ষা করেছে বিদ্যুত্ কেন্দ্র হলে তা করার সামর্থ্য সুন্দরবনের থাকবে না।
