গণতন্ত্র ও আইনের শাসনে সরকার বিশ্বাস করে না - জামায়াতে ইসলামী

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৭
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার আদৌ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। সাতক্ষীরা, ঝিনাইদহ, বগুড়া ও চট্টগ্রামের ফটিকছড়িতে তল্লাসীর নামে পুলিশ জনগণের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। পুলিশের উত্পীড়নে এসব এলাকার মানুষ নিজ বাড়িতে থাকতে পারছে না। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে কারাগার আটকে রেখে তাদের উপর চালনো জুলুম, নিপীড়ন বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং বাড়ছে। আইন প্রতিমন্ত্রীর উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে যে, সরকার আদৌ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধা থাকলে মন্ত্রী হয়ে তিনি এ ধরনের বক্তব্য দিতে পারতেন না। তিনি জামায়াতের আটক শীর্ষ নেতৃবৃন্দসহ আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।