অবিলম্বে নৌপথ ড্রেজিং করা এবং নদী পথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন পণ্যবাহী সাধারণ জাহাজ মালিকরা। শুক্রবার জাহাজ মালিক ও দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে এ দাবি জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যে জাহাজ মালিকদের সাত দফা না মানলে মালিকরা তাদের জাহাজগুলো লে অফ ঘোষণা করবে বলে সভা থেকে ঘোষণা করা হয়।
সভা থেকে ফ্যাক্টরির জাহাজগুলো সাধারণ মালিকদের সাথে একই সিরিয়ালভুক্ত হয়ে চলাচল, মেরিন কোর্ট কর্তৃক জাহাজ মালিকদের হয়রানি বন্ধ, প্রটোকল রুটে ভাড়া বৃদ্ধি, বে-ক্রসিং নীতিমালা সংশোধন এবং জাহাজ শ্রমিকদের মোট বেতনের ওপর বৃদ্ধিকৃত ২০ শতাংশ বেতন বাতিলের দাবি জানানো হয়।
সভায় বলা হয়, হাইকোর্টের মামলার কারণে মালিক সমিতি কোন পদক্ষেপ নিতে পারছে না। সভা থেকে সমিতির নামে দায়েরকৃত মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার করার দাবি জানান।
সভায় সিদ্দিকুর রহমান, এম এফ রহিম, মুজিবুল হক, মোতালেব মিয়া, লতিফ আলী, সালাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
