গোপালগঞ্জে বৈশাখী মেলা ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল রং ও বাহারি নামের ঘুড়ি উড়েছে আকাশে। বিভিন্ন বয়সীর হাজার হাজার দর্শক এই ঘুড়ি উত্সব উপভোগ করেছেন। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিবের প্রতিকৃতি সদৃশ সাকিব ঘুড়ি। নববর্ষ উপলক্ষে মুকসুদপুর উপজেলার বনগ্রাম কালিগঙ্গা খোলার বৈশাখী মেলায় এ ঘুড়ি উত্সবের আয়োজন করে মন্দির কমিটি।
খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক ঘুড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাকিব, নজরুল, রবীন্দ্রনাথ, ঢ্যাপ, সাপ, পে¬ন, পরি, পতেং, চিল, নৌকা, কচ্ছপ, প্যাচা, জেড়, উড়োজাহাজ, প্লেন, বিমান সদৃশ বর্ণিল ঘুড়িগুলো মুক্ত আকাশে উড়েছে বিহঙ্গের মত। এর মধ্য থেকে সর্বাধিক বর্ণিল ও আকর্ষণীয় শিবু রায়ের ময়ূর ঘুড়ি চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করে গনপতি বালা ও ধীমান সরকারের ঘুড়ি।
বিকালে মুকসুদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কান্তি বোস ঘুড়ি উত্সবের উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আয়োজক কমিটির আহবায়ক রাজিব কীর্ত্তনীয়া, সদস্য সচিব কার্ত্তিক চন্দ্র সাহা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঘুড়ি উত্সবের আয়োজক রাজিব কীর্ত্তনীয়া ও কার্ত্তিক চন্দ্র সাহা বলেন, ঘুড়ি উত্সবে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ উত্সব এ অঞ্চলের মানুষকে সামান্যতম আনন্দ দিতে পারলেই তারা সার্থক।
