শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার দেড়ুলি গ্রামের একটি চিংড়িঘেরের বাঁধ থেকে কামরুল গাজী (৩৫) ও তার স্ত্রী পিয়া বেগমের (২৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ নিশ্চিত নয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলি গ্রামের আলতাফ গাজীর ছেলে কামরুল গাজীর সঙ্গে ১০ বছর আগে পার্শ্ববর্তী ফুলতলা উপজেলার জামিরা গ্রামের ইকবাল খানের মেয়ে পিয়ার বিয়ে হয়। তাদের ঘরে হাসান (৮) ও তাসমিয়া (৪) নামে দুইটি সন্তান রয়েছে। প্রতিবেশী এক যুবকের সঙ্গে পিয়ার সম্পর্কের অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এ নিয়ে সম্প্রতি পিয়া বেগম বাপের বাড়ি চলে গেলেও ৪ দিন আগে স্বামী তাকে বাড়ি ফিরিয়ে আনেন। শুক্রবার সকালে তাদের দুইজনকে ঘরে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। সকাল ৯টার দিকে বাড়ির অদূরে একটা চিংড়িঘেরের বাঁধের ওপর কামরুল গাজীর আর তার পাশেই কলা গাছের মধ্যে পিয়া বেগমের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় কেউ বলছেন এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আবার কেউ বলছেন আত্মহত্যা।
