গতকাল শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “জেগে উঠো মা, বিদ্যার বিকিরণে শিক্ষার আলোকে” এই শ্লোগান নিয়ে শতভাগ ভর্তি বিষয়ক মতবিনিময় সভা মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা-সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. মোঃ আফছারুল আমীন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরদী-বেলাব থেকে নির্বাচিত এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মোঃ আফছারুল আমীন বলেছেন, শিক্ষার মূল কেন্দ্র হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় শতভাগ সফলতা আনতে পারলে মাধ্যমিক শিক্ষায়ও গতি সঞ্চার হবে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন করা হয়েছে। আগামী ২০১৪ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি সফল করে তোলা হবে। এ লক্ষ্যে স্কুলগুলোতে পর্যায়ক্রমে কম্পিউটার-ল্যাপটপ, বাথরুম, পানির ব্যবস্থা, লেট্রিন, স্কুল প্রাঙ্গণে ফুলের বাগান তৈরি করার কাজ শুরু হয়েছে। মনোহরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা পারভীন, গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির, প্রধান শিক্ষিকা আমিনা পারভীন, অধ্যাপিকা নাজমা ছাদেক, শিক্ষক আফতাব উদ্দিন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
