দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের সব রুটে পরিবহন ধর্মঘট

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩০
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সব রুটে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এসব জেলার প্রধান সড়কে অনুমোদনহীন যান চলাচল বন্ধের দাবিতে মোটর পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বাস শ্রমিকদের বাধার মুখে যাত্রীরা বিকল্প যানবাহনও পাচ্ছে না। ধর্মঘটের কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী কোচগুলো ছেড়ে যায়নি। এদিকে গতকাল বেলা পৌনে ১১টায় সরকারি কলেজ মোড়ে শ্রমিকরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে কিছু সময়ের জন্য সেখানে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। দিনাজপুর জেলা মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে নছিমন, করিমন, ইজিবাইক, ম্যাজিক ও থ্রি হুইলার চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও জেলা ও পুলিশ প্রশাসন এসব যান চলাচল বন্ধ করছে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বাস মিনিবাস নিরাপদে চলাচল করতে পারছে না। গোপালগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার গোপালগঞ্জ প্রতিনিধি জানান, থ্রি হুইলার, নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ও বাস ভাংচুর এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল গোপালগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।