রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে শুক্রবার বিকালে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রাতে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং শনিবার ভোর রাতে গরু-বাছুরসহ বাড়িঘরের মূল্যবান মালামাল লুট হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাবাহিক সংঘর্ষের জের ধরে সামান্য ছল-ছুতায় শুক্রবার বিকালে আবুল হোসেন আকন (আওয়ামী লীগ) ও হারুন মাতুব্বর(বিএনপি) গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মারাত্মক আহত হারুন গ্রুপের আয়নাল মুন্সিকে (২২) হাসপাতালে নেয়ার পথে মারা যায় এবং কমপক্ষে ৩০ জন আহত হয়। মারাত্মক আহত ইউসুফ, জুয়েল, মনি মাতুব্বর, রনি মাতুব্বর ও বক্কার মাতুব্বরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে বক্কার মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩ মাস যাবত্ ধারাবাহিকভাবে সংঘর্ষ চলে আসছিল। এসব সংঘর্ষ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় এবং একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা পাল্টা মামলা করেছে। ওসি মোফাজ্জেল হোসেন জানান- সংঘর্ষের ঘটনায় পাট্টু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
