সরকার মহলাি ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক একাধিক ডে-কেয়ার চালু করেছেন। বর্তমানে এই প্রকল্পের আওতায় ঢাকা শহরে প্রায় ১০/১২টি ডে-কেয়ার চালু আছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের নির্ধারিত ২০ নম্বর গ্রেডে ৪১০০-৭৭৪০ টাকা বেতন স্কেলে আয়া/ গার্ড/বাবুর্চি/ ক্লিনার হিসেবে কর্মরতদের বেতনের অর্ধেক কেটে নেয়া হয়। একটি আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তদের বেতন কেটে নিয়ে ৪৫০০ টাকা হাতে দেয়া হয়। এ ছাড়াও দু-তিন মাস পর পর এই বেতন দেয়া হয়। অভিযোগ করেও কোনো ফল হয় না।
আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ঢাকা শহরে এই সামান্য বেতনে চলার মতো সঙ্গতি আমাদের নেই। এদিকে ২৬-১১-২০১২ তারিখে অর্থ বিভাগ কর্তৃক একটি সার্কুলারে আমাদের ন্যূনতম বেতন ৭৭৫০ টাকা নির্ধারণ করে দেয়া হয়, যা জানুয়ারি ২০১৩ থেকে কার্যকর হওয়ার কথা। একই সার্কুলারে আমাদের বেতন ব্যাংকের মাধ্যমে জমা এবং বছরে দুটি উত্সবভাতা প্রদানের আদেশ রয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, এ পর্যন্ত মহিলা বিষয়ক অধিদপ্তর বা ডে-কেয়ার প্রকল্প তা বাস্তবায়নের কোনো উদ্যোগই গ্রহণ করেনি। এ অবস্থায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমীপে একান্ত আবেদন এই যে, মানবিক কারণে সরকারি সার্কুলার অনুযায়ী আমাদের ন্যায্য বেতন দেয়া হোক।
মো. আ. সোবহান,
যাত্রাবাড়ী, ঢাকা
