হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:১২
নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধারসহ পাঁচ দফা দাবিতে গুলিস্তান-সদরঘাট সড়ক গতকাল রবিবার প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও পরে সেখান থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় তারা অবস্থান ধর্মঘট পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে প্রায় পাঁচ হাজার সাধারণ শিক্ষার্থী ‘মেসে আর থাকব না, হল আমার ঠিকানা’ ব্যানারে দ্বিতীয় দিনের মতো একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এরপর তাঁরা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পার হলেও তাঁদের আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। বেদখল হওয়া হাবিবুর রহমান হলটি প্রায় দেড় বছর আগে উদ্ধার করা হলেও আইনগত জটিলতা এখনো কাটেনি। এ ছাড়া ছাত্রীদের একটি হল নির্মাণের জন্য আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পেলেও এখনো স্থান নির্ধারণ করেনি। তাই নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে গুলিস্তান-সদরঘাট সড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় তাঁরা ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা সরিয়ে নেয়ার দাবিতে ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশী বাধায় তারা ফিরে যায়। পরে বেলা দুইটা পর্যন্ত ঐ সড়ক অবরোধ করে রাখে তাঁরা। এসময় সদরঘাট-গুলিস্তান সড়কে তীব্র যানজটে পড়ে সাধারণ যাত্রীরা। পরে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, আন্দোলনের দ্বিতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেয়া হয়নি। তাই দাবি আদায়ে আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও পরে সেখান থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে অবস্থান ধর্মঘট পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি মানা না হলে আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন ও লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে। এর পরও যদি দাবি মানা না হয়, তাহলে পুরান ঢাকায় লাগাতার হরতাল দেয়া হবে। এদিকে আন্দোলনের কারণে গতকাল অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, হলের জন্য জমি ক্রয় করতে চেয়ে গতকাল কয়েকটি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়া হয়েছে। জমি পেলেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কাজ শুরু করা হবে।