একনি বা ব্রণ নিয়ে ভাবেন না বা সমস্যা হয়নি এমন তরুণ-তরুণী হয়ত পাওয়া যাবে না। মুখে ব্রণ হলে একদিকে যেমন মুখে দানা হয় অন্যদিকে মুখে ব্রণজনিত কারণে গর্ত ও দাগ হতে পারে। আর এ ধরনের সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের ছুটতে হয় চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। এমনকি অনেক ক্ষেত্রে হারবাল, হোমিও, বিউটি এক্সপার্টরাও ব্রণের চিকিত্সা করেন। কিন্তু আমরা ব্রণের আধুনিক চিকিত্সা ও নিয়ন্ত্রণ থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। এ ধরনের কথা শোনালেন সিঙ্গাপুর থেকে আগত বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা: তান হিয়ং হি। তিনি একদিকে যেমন একনির চিকিত্সার আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলেন তেমনি পরিষ্কারভাবে বলে দেন, একনি বা ব্রণ চিকিত্সায় লেজার কার্যকর এমন যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি একনি চিকিত্সার ক্ষেত্রে টপিক্যাল এন্টিবায়োটিকও দীর্ঘ দিন ব্যবহার করা উচিত নয়। গ্লাক্সোস্মিথক্লাইন উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একনি ম্যানেজম্যান্ট শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন। ডা: হি একনি চিকিত্সায় সবচেয়ে যে বিষয়টির ওপর বেশি গুরুত্ব দেন তা হচ্ছে একনি চিকিত্সার ক্ষেত্রে চিকিত্সকগণের যথাযথ পদক্ষেপ এবং কাউন্সিলিং। একনি হলে অনেক সময় ছেলে-মেয়েদের মুখে বড় বড় দানা হয়ে পেকে যায়। ক্ষতের সৃষ্টি হয়। এতে টিনএজারদের মন খারাপ হয়। তাই একনি রোগীদের বিশেষ করে টিনএজারদের অবশ্যই খানিকটা সময় দিয়ে কাউন্সিলিং করতে হবে এবং ধৈর্য ধরে চিকিত্সা নিতে বুঝাতে হবে। পাশাপাশি আর একটি বিষয় হচ্ছে ডা: হি অত্যন্ত সুষ্পষ্টভাবে বলেছেন পোস্ট একনি স্পট বা একনি স্পটের কোন ভালো চিকিত্সা নেই। দামী দামী লেজারও এখানে কার্যকর নয়। তবে ডিপিগমেন্টিং এজেন্ট ব্যবহারে খানিকটা উপকার হতে পারে।
