সড়ক নির্মাণ কাজ চালুর দাবিতে গৌরনদীতে সড়ক অবরোধ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫১
৩ বছর যাবত্ গৌরনদী উপজেলা সদরের একটি জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে গত শনিবার বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। ৩ বছর পূর্বে উপজেলার সমাজসেবা অফিসের সামনে থেকে আশোকাঠি বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের তৈরি ১ কিলোমিটার সড়কটি পুনঃনির্মাণের ঠিকাদারী কাজ পায় তানভিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডির অর্থায়নে সড়কটির পাকাকরণ (পিচ ঢালাই) কাজের জন্য ৩৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। এ যাবত্ কাজটি ৪ দফা বিক্রি হলেও রাস্তার ইট তুলে বেট কেটে রাস্তাটি ২ বছর যাবত্ ফেলে রাখা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আতিকুর রহমান শামীম কাজটি প্রথমে উপজেলা যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান ফকিরের কাছে বিক্রি করে দেয়। আনিসুর রহমান কাজটি আবার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাসেল মিয়ার কাছে বিক্রি করে। রাসেল আবার কাজটি ঠিকাদার উত্তম দাসের কাছে বিক্রি করে। উত্তম দাস সর্বশেষ কাজটি আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদারের কাছে বিক্রি করে দেন। কালাম শিকদার গত দুই বছর পূর্বে সড়কের পুরানো ইট তুলে বেট কেটে রাখে। সময়ক্ষেপণ করে ওই সড়কের পুনঃনির্মাণ কাজ ফেলে রাখায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।