চূড়ান্ত অনুমোদন পেল ফার্মার্স ব্যাংক

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৩
প্রধান কার্যালয় স্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে ফার্মার্স ব্যাংক লিমিটেড। গতকাল কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত লাইসেন্স ইস্যু করেছে। এ ব্যাংকের মূল উদ্যোক্তা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আর চেয়ারম্যান হিসাবে রয়েছেন মন্ত্রীর স্ত্রী সীতারা আলমগীর। গত ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এ ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়। এখন লাইসেন্স পাওয়া এ ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা, আগ্রহপত্র ও মূলধনের যথার্থতা তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। তদন্তে সন্তুষ্ট হলে এ ব্যাংককে ব্যাংক কোম্পানি আইনের ৩২ ধারা মোতাবেক শাখা খোলার অনুমতি দিবে বাংলাদেশ ব্যাংক। এরপরই পূর্ণাঙ্গ কার্যক্রমে আসতে পারবে ব্যাংকটি। মেঘনা ব্যাংকের অনানুষ্ঠানিক উদ্বোধন ৯ই মে এদিকে রাজধানীর গুলশানের প্রধান কার্যালয়ে গতকাল থেকে অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নতুন তফসিলিভুক্ত মেঘনা ব্যাংক। আগামী ৯ই মে ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে রয়েছেন সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান।