ঝাড়ু-জুতা নিয়ে না’গঞ্জ তিতাস অফিস ঘেরাও

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:২৯
গ্যাসের চাপ বৃদ্ধি ও আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ব্যানারে গতকাল রবিবার স্থানীয় তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করেন এলাকাবাসী। এসময় অনেকের হাতে ঝাড়ু ও জুতা দেখা গেছে। বিক্ষোভ শেষে তিতাস কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে অবিলম্বে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। ঘেরাও চলাকালে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে গেলে অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এর আগে ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই গ্রাহকরা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হন। পরে শত শত নারী-পুরুষ ঝাড়ু, জুতা ও গ্যাসের চুলা নিয়ে মিছিল করতে করতে তিতাস অফিস ঘেরাও করেন। ঘেরাও চলাকালে নুরউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা নাছির উদ্দিন মন্টু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাবেক মহিলা কাউন্সিরল দিলারা মাসুদ ময়না প্রমুখ। সমাবেশ থেকে গ্যাসের চাপ বৃদ্ধি না হওয়া পর্যন্ত গ্রাহকরা গ্যাস বিল দিবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।