বিরোধী দল ছাড়াই আবারো শুরু সংসদ অধিবেশন

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩১
বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের সদস্যদের বর্জনের মধ্য দিয়ে নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল রবিবার বিকালে শুরু এই অধিবেশন । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনে স্বাগত বক্তৃতায় ভারপ্রাপ্ত স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে জনগণের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। চলতি সংসদের সদস্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের মৃত্যুর কারণে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সংসদ মুলতবি করা হয়। এসময় বিএনপি, জামায়াত, বিজেপি ও এলডিপি’র সংসদ সদস্যরা অনুপস্থিত ছিলেন। দলগুলো গত ৪টি অধিবেশন বর্জন করে। তাদের সংসদে টানা অনুপস্থিতি ৭৬ কার্য দিবস। চলতি অধিবেশনে না এলেও আগামী অধিবেশনে তাদের যোগ দিতে হবে। কারণ, টানা ৯০কার্যদিবস অনুপস্থিতিতে সদস্যপদ বাতিলের বিধান রয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করেন। নির্বাচিত সদস্যরা হলেন খান টিপু সুলতান, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, শাহীন মনোয়ারা হক, জাফরুল ইসলাম চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। এরপর সমপ্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। শোক প্রস্তাবের তালিকায় আবদুল জলিল ছাড়াও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব:) এম মজিদ-উল হক, সাবেক প্রতিমন্ত্রী আনসার আলী সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম. ছিদ্দিক, আব্দুল্লাহ সরকার, নাজির হোসেন চৌধুরী (নিলু), আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী এবং বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামের নাম উল্লেখ করা হয়। এছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুশাররফ হোসেন, ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত মো. মাহাবুব উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মতিন, ভাষা সৈনিক রোকেয়া রহমান ও আব্দুল হক, সাংবাদিক আবিদ রহমান, আলোকচিত্র শিল্পী আমানুল হক, মুক্তিযোদ্ধা খসরুজ্জামান চৌধুরী, গীতিকার ও চলচ্চিত্র কাহিনীকার আহমদ জামান চৌধুরী এবং বোমাং রাজা ক্য সাইন প্রু’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সংসদে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশ-২০১৩’ সংসদে উত্থাপন করেন। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উত্থাপন করেন। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ মোঃ আব্দুস শহীদ, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মোঃ ফজলে রাব্বী মিয়া, অ্যাডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু উপস্থিত ছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বৈঠকে অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকাল সোয়া ৫টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনের মেয়াদ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে স্পিকারের উপর। স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার বিরোধী দলীয় সদস্যদের সংসদ অধিবেশনে যোগ দেয়ার আহ্বান জানান