ঢাকার টঙ্গীতে পাখির হাটে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইনে ২৪৬টি পাখি আটক করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তিসহ ৬ লাখ টাকা জরিমানা করেছে।
র্যাব-১ এর এএসপি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আনোয়ার পাশার নেতৃত্বে একটি টিম টঙ্গী বাজারের সাপ্তাহিক পাখির হাটে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে পাখি বিক্রি করা হচ্ছিল। র্যাবের ভ্রাম্যমাণ আদালত পাখি বিক্রেতাদের গ্রেফতার করে বন্যপ্রাণী আইনে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড করে। গ্রেফতারকৃতরা হলো বাচ্চু মিয়া (৩২), শাহিন, আব্দুল জলিল, বাবু, আনিছ, কালাম শেখ, সাইদুল, রুবেল মিয়া, শ্যামল মিজি, ময়নুল ইসলাম, মানিক মোল্যা ও রাকিব হাসান। আটককৃত পাখিগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
