২৪ এপ্রিলের পর স্পিকার, ডেপুটি স্পিকার মনোনয়ন

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
আগামী ২৪ এপ্রিলের পর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। গতকাল রবিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার দুটি পদেই নতুন মুখ আসতে পারে। সেক্ষেত্রে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম শওকত আলীকে মন্ত্রীর মর্যাদা দেয়া হতে পারে। শওকত আলীকে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা করা হতে পারে। বৈঠক সূত্র জানায়, গতকাল সংসদীয় দলের বৈঠক শেষে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সংসদ সদস্য মো. আতিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল হামিদকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কাকে নেয়া যায় এ বিষয়ে তার পরামর্শ চান। সূত্র জানায়, আগামী ২৪ এপ্রিলের পর এ দুটি পদের প্রার্থী চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এর পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডেকে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন চূড়ান্ত করা হবে। সূত্র জানিয়েছে, আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে স্পিকারের পদে কাকে বসানো হবে তা এখনো ঠিক করতে পারেনি আওয়ামী লীগের হাইকমান্ড। বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন। তবে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক ডেপুটি স্পিকার আশরাফ আলী, বর্তমান চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের নাম প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। ডেপুটি স্পিকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরীকেও ভাবা হচ্ছে।